বন্দনা গান
রচয়িতা: মহাধীমান বলন কাঁইজি
বলন গীতির ধারায় ‘বন্দনা’ হলো কৃতজ্ঞতা, বিনয় ও শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। গীতির সূচনায় দয়াল, গুরু, জ্ঞানী, সাধু-মহাজন, জনক-জননী, সহকর্মী ও সহযোগীদের স্মরণ করে তাঁদের চরণে প্রণতি নিবেদন করা হয়েছে। একই সঙ্গে গানের আসর ও ব্যবহৃত যন্ত্রকেও সম্মান জানানো হয়েছে।
গীতির পাঠ
দয়ালের বন্দনা,
আমার গুরুর বন্দনা,
ত্রিধারা নিদানে অধম,
পাই যেন চরণখানা।
বন্দি যত জ্ঞানির চরণ,
যত আছেন সাধু মহাজন (গো),
দূরে কাছের দাদা বন্ধুগণ,
বন্দিলাম সবজনা।
বন্দিলাম জনকজননী,
বন্দিলাম গুরু গুণি (গো),
বন্দি সকল সহকর্মী,
সহযোগী সবজনা।
বলন কাঁইজির দেহ বন্দি,
অদ্য গীতির আসর বন্দি (গো),
সহযোগির চরণ বন্দি,
বন্দিলাম যন্ত্রখানা।
গীতির মর্মকথা
এই বলন গীতিতে মানবজীবনের কৃতজ্ঞতা, গুরুপরম্পরা, সাধুসঙ্গ এবং সম্মিলিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আত্মদর্শন ও বলন দর্শনের পথে বিনয়ই জ্ঞানের প্রথম দ্বার—এই গীতির মূল শিক্ষা সেখানেই নিহিত।
🖤 জয়গুরু 🖤 জয়বলন 🖤 জয়জগৎ 🖤
লেখক: মহাধীমান বলন কাঁইজি
